২৩ অক্টোবর ২০২৬

আহত ৫

ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট কুম্ভারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ফলবোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভারপাড়া এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় চালক দ্রুত ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানিয়ে সেখানে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে দুর্ঘটনার জন্য পুলিশের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন। তিনি বলেন, ‘নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আমরা যানবাহন তল্লাশি করছিলাম। পিকআপের চালক সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এখানে পুলিশের কোনো গাফিলতি নেই। উত্তেজিত জনতা গাড়ির গ্লাস ভাঙচুর করে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

আরও পড়ুন