চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন এলাকার একটি পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াসিনপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন সংলগ্ন একটি পাঁচতলা ভবনে এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এদিকে যুবকের এমন মৃত্যুকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।














