৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে ঐকমত্য চান সরোয়ার আলমগীর

চট্টগ্রামের ফটিকছড়িতে উত্তর উপজেলা সদর দপ্তর প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় জনগণের ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলা সদর প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবার মধ্যে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। কারণ, কোনো কারণে এটি বাতিল হয়ে গেলে ভবিষ্যতে পুনরায় বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এসব অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন