৫ নভেম্বর ২০২৬

৫৫ হাজার টাকা জরিমানা, চালক-মালিকদের সতর্কবার্তা

ফিটনেস নেই, রুট পারমিটও নেই— সীতাকুণ্ডে বিআরটিএ’র ১৫ মামলা

সড়কে শৃঙ্খলা নেই, যেখানে-সেখানে গাড়ি পার্কিং, আবার অনেক যানবাহনের নেই প্রয়োজনীয় ফিটনেস ও রুট পারমিট। এমন অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে বিভিন্ন অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলা দায়েরের পাশাপাশি ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠান, মিল-কারখানা ও পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনায় ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন চলাচল, পার্কিং ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ সূত্র জানায়, সচেতনতা তৈরির পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালানো, বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং যত্রতত্র বিশৃঙ্খলভাবে পার্কিংয়ের অপরাধে ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় দণ্ডপ্রাপ্ত যানবাহনের চালক ও মালিকদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ এবং পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং পরিবহন খাতে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন