ফাইনালে ওঠার মঞ্চে এসে এতদিনের চেনা পথটা একদম ভুলে গেল ফ্রান্স। কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলে হয়ে গেলেন ভোঁতা, বিপরীতে স্পেন হয়ে উঠল আরও গোছানো। ফলাফল- হাইভোল্টেজ লড়াই হয়ে উঠল একপেশে। দিদিয়ে দেশোঁর দলকে আবার হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল লুইস দে লা ফুয়েন্তের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ডালাসে মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে গোছানো ফুটবল খেলে ২-০ গোলের জয়ে শিরোপা লড়াইয়ে পা রাখল স্প্যানিশরা। প্রতিপক্ষের এক অমার্জনীয় ভুলে পাওয়া পেনাল্টিতে দলকে এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল। পরে দারুণ গোলে ব্যবধান গড়ে দেন ডিফেন্ডার পেদ্রো পররো।
এই নিয়ে টানা তিন সেমি-ফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন। আগের দুইবার- ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ও ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগে।
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়বারের মতো উঠল বিশ্বকাপের ফাইনালে। আগামী রোববার নিউ জার্সির ফাইনালে তারা লড়বে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার বিপক্ষে।














