চট্টগ্রাম নগরীতে পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং। গ্রেপ্তাররা হলে- রাউজান উপজেলার আধার মানিক এলাকার মো. শুভ (২২) এবং কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)।
ডিবি সূত্র জানায়, শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়া সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।’
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে নগরের চন্দনপুরা এলাকায় চাঁদাবাজির জেরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডেও তাদের জড়িত থাকার তথ্য মিলেছে।














