রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সরকার বন্ড সুবিধায় শুল্ক-করমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দিয়ে থাকে। কিন্তু সেই সুবিধার আড়ালেই শুল্কমুক্ত আমদানি করা সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের অপব্যবহারের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিপুল অঙ্কের এই রাজস্ব ফাঁকির তথ্য প্রকাশ্যে আসার পর বন্ড সুবিধার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম এ অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)’র সহযোগিতা নেওয়া হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে কি না, নাকি সেগুলো অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করা হচ্ছে, তা যাচাই করা। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ সরেজমিনে যাচাই করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের সঙ্গে বাস্তব মজুতের তুলনামূলক পরীক্ষা করা হয়।

এতে একাধিক প্রতিষ্ঠানে ব্যাপক অসংগতি পাওয়া যায়। কোথাও হিসাব অনুযায়ী কাঁচামালের মজুতের সঙ্গে বাস্তব মজুতের মিল পাওয়া যায়নি, আবার কোথাও ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য উঠে আসে। এসব অসংগতির পর আমদানি, উৎপাদন, ব্যবহার ও মজুতসংক্রান্ত তথ্য আরও গভীরভাবে যাচাইয়ের উদ্যোগ নেয় সংস্থাটি।
ছয় প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার প্রাথমিক হিসাব
অভিযানের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানভিত্তিক প্রাথমিক হিসাব অনুযায়ী, রূপগঞ্জ নারায়ণগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা। জাহিন নীটওয়্যার্স লিমিটেড প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা। সানজানা ফেব্রিক্স লিমিটেডের প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা। বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা। মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা। জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
প্রাথমিক হিসাব অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে সিম ফেব্রিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে জাহিন নীটওয়্যার্স লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে সানজানা ফেব্রিক্স লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্র মতে, বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক-করমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ পায়। এই সুবিধার উদ্দেশ্য হলো উৎপাদন ব্যয় কমিয়ে দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম করা। তবে আমদানিকৃত এসব কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে স্থানীয় খোলাবাজারে বিক্রি করা হলে তা বন্ড সুবিধার অপব্যবহার এবং বড় ধরনের রাজস্ব ক্ষতির কারণ হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, শুল্কমুক্ত আমদানির সুবিধা নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদনের প্রকৃত হিসাব গোপন করে কিংবা আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকার একদিকে রাজস্ব হারায়, অন্যদিকে নিয়ম মেনে শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানিকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে।
এ ধরনের অনিয়ম দীর্ঘদিন চলতে থাকলে বৈধ আমদানিকারক ও উৎপাদনকারীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের রাজস্ব ব্যবস্থাপনায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কাস্টমস গোয়েন্দার অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার অন্য কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত থাকার তথ্য উঠে এসেছে। এসব অসংগতি কী কারণে হয়েছে, আমদানিকৃত কাঁচামাল উৎপাদনে কতটুকু ব্যবহার হয়েছে এবং কোনো অংশ অবৈধভাবে বাজারে সরবরাহ করা হয়েছে কি না। তা খতিয়ে দেখা হচ্ছে।
এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত, ব্যবহার ও রপ্তানিসংক্রান্ত দলিলাদি সংগ্রহ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভান্ডারে থাকা আমদানি-সংক্রান্ত নথির সঙ্গেও সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে।













