২০ অক্টোবর ২০২৬

বাঁশখালীর বন্যার্তদের পাশে ‘ওয়েলফেয়ার সোসাইটি’

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত উপজেলা বাঁশখালীর দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। ‘ত্রাণ নয়, ভালোবাসার উপহার’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দুই দিনব্যাপী খাদ্য, নগদ অর্থ ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

সোমবার (১৪ জুলাই) শুরু হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেন সংগঠনের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবসেবাই তার অন্যতম অঙ্গীকার।

কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া অসহায় ও হতদরিদ্র কয়েকটি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ দুর্ভোগের মধ্যে এ সহযোগিতা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে বলে জানান তারা।

এ সময় প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফিউল আলম খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, মুনতাসিরুল করিমসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন