২৭ নভেম্বর ২০২৬

খুলশীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, নির্মাণাধীন প্লটে হামলায় আহত ১৫

চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে একটি নির্মাণাধীন প্লটে হামলার ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি দল প্লটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি নির্মাণসামগ্রী ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত নিরাপত্তাকর্মী আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সি ব্লকের ২ নম্বর লেনের একটি নির্মাণাধীন প্লটে এ হামলার ঘটনা ঘটে।

জমির মালিকপক্ষের অভিযোগ, সাদ্দাম ও আলাউদ্দিনের নেতৃত্বে ফাহিম, শুক্কুর, মোহাম্মদ আলী, মুন্নি, হাজেরা খাতুন ও রমিসহ ১০ থেকে ১৫ জনের একটি দল জোরপূর্বক প্লটে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আহমেদ বাধা দিলে তাঁকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও ভাঙচুর করে। পুরো ঘটনার দৃশ্য প্লটে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

মালিকপক্ষের দাবি, জমিতে নির্মাণকাজ শুরু করার পর থেকেই একটি পক্ষ নানা অজুহাতে বাধা দিয়ে আসছিল। নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে চাঁদা দাবি করা হয়। এমনকি জমির এক-তৃতীয়াংশ লিখে না দিলে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁদের।

এ ঘটনায় জমির মালিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী আগেই খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ৭ অক্টোবর করা ওই জিডিতে মোহাম্মদ আলী, হাজেরা খাতুন ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমিতে প্রবেশে বাধা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জমির এক-তৃতীয়াংশ লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ আনা হয়।

মালিকপক্ষের অভিযোগ, আগাম জিডি করার পরও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের ধারণা, চাঁদা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক না করেই ফিরে আসে বলে অভিযোগ করেছেন জমির মালিকপক্ষ। তাঁদের প্রশ্ন, সিসিটিভিতে হামলার দৃশ্য ধারণ হওয়ার দাবি থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি? আগাম অভিযোগ থাকার পরও কেন এমন হামলা ঠেকানো সম্ভব হলো না?

দক্ষিণ খুলশীর মতো অভিজাত আবাসিক এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও প্রকাশ্যে হামলার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত নিরাপত্তাকর্মীর সুচিকিৎসা এবং জমির মালিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ