সন্ধ্যা নামলেই সীমান্তের কাঁটাতারের ওপাশে জ্বলে ওঠে সড়কবাতি। আর এ পারে বাংলাদেশে নেমে আসে ঘোর অন্ধকার। ২৪-এর পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কেও চলছে যেন আলো-আঁধারির খেলা। যার প্রভাব পড়েছে সীমান্ত এলাকায়ও।
সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা তথ্য বলছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের কেউ কেউ দেশে অবৈধভাবে ফেরত আসতে পারেন। অনুপ্রবেশের জন্য সন্ধ্যা বা রাতকেই বেছে নেবে অপরাধীরা। তাই রাতে ফুট পেট্রোলিং বাড়িয়েছেন বিজিবি জওয়ানরা। নাইট ভিশন ক্যামেরায়ও চলছে নজরদারি।
রাত গড়িয়ে ভোরের আলো ফুটতেই তোড়জোড় শুরু হয় সীমান্তের বিজিবির পোস্টগুলোতে। শুরু হয় টহল। স্থলসীমার পাশাপাশি বিজিবির নজরদারি করতে হয় বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত গোমতী নদীতেও। দুর্গম এলাকায় নজরদারির জন্য রয়েছে বিজিবির বিশেষ যান এটিভি। যা উঁচু-নিচু যেকোনো জায়গায় চলাচল করতে সক্ষম। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে ড্রোন দিয়ে নজরদারিতে।
শুধু টহল নয়, কার্যক্রম নিষিদ্ধ দলে অনুপ্রবেশ ঠেকাতে জনসম্পৃক্ততাও চাইছে সীমান্তরক্ষী বাহিনী। করা হচ্ছে মাইকিং। নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত উঠান বৈঠক করছেন কর্মকর্তারা।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেক বেড়ে গিয়েছিল। বিজিবি ক্যাম্প স্থাপনের পর তা কিছুটা কমেছে। বিজিবি ক্যাম্প থাকাকালে আমাদের এলাকায় এ ধরনের অনুপ্রবেশ ঘটে না। বিজিবির টহল থাকলে পরিস্থিতি এমন থাকে যে, তারা আর সহজে এলাকায় ঢুকতে পারে না। কেউ ঢুকে পড়লেও এখান থেকে ফিরে যেতে হয়।’
বিজিবির কর্মকর্তারা বলছেন, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এই যেমন কুমিল্লার বালুজুরি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের জন্য ১০টি এলাকা চিহ্নিত করা হয়েছে।
চলমান পরিস্থিতির বিষয়ে বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, প্রত্যেকটা বিওপির আওতায় কমপক্ষে দশ থেকে পনেরোটা করে অবৈধ স্পট। বর্ডারটা অনেক বেশি বিস্তীর্ণ। সেক্ষেত্রে প্রত্যেকটা বিওপির আওতাধীন বেশ কিছু জায়গা আছে। যেসকল স্থান দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল স্থানে আমরা আমাদের সিসিটিভি ক্যামেরা এবং সার্চ লাইট, বিভিন্ন ধরনের সার্চ লাইট অলরেডি স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকার অবৈধ চোরাকারবারিদের তালিকা তৈরি করে বিজিবি নিয়মিত তাদের বিরুদ্ধে অভিযান করছে।












