আর্থিক অনিয়ম, বিপুল অঙ্কের বিজ্ঞাপনী বিল বকেয়া থাকা এবং প্রতিষ্ঠানের পাওনা আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তসলিম চৌধুরীকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অব্যাহতিসংক্রান্ত আদেশ জারি করেন। আদেশটি ওই দিন থেকেই কার্যকর হয়েছে বলে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়।
মোহনা টেলিভিশন লিমিটেডের অব্যাহতিপত্রে বলা হয়েছে, তসলিম চৌধুরী দীর্ঘদিন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং এবং পরবর্তী সময়ে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি নিয়মবহির্ভূতভাবে নিজের মালিকানাধীন বা সংশ্লিষ্ট ড্রিম কাস্ট (Dream Cast) ও এডনস (Addons) নামের দুটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মাধ্যমে মোহনা টেলিভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন ব্যবসা পরিচালনা করেছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছে।
অব্যাহতিপত্রে আরও বলা হয়, ড্রিম কাস্টের নামে মোহনা টেলিভিশন লিমিটেডের ৫ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা পাওনা রয়েছে। ওই অর্থ পরিশোধ না করেই সিইও পদে দায়িত্ব গ্রহণের পর এডনস নামের নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তাদের মতে, এ ধরনের ব্যবসায়িক সংশ্লিষ্টতা চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বিজ্ঞাপনী বিল বকেয়া
অব্যাহতিপত্রের অন্যতম প্রধান অভিযোগ, ২০১০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে মোহনা টেলিভিশনের প্রায় ২৪ কোটি ৪০ লাখ ৩২ হাজার ৫৩৮ টাকা ৭৪ পয়সা বিজ্ঞাপনী বিল বকেয়া রয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকলেও তা আদায়ে তসলিম চৌধুরী কার্যকর কোনো উদ্যোগ নেননি। পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে একাধিকবার চিঠি দেওয়া এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হলেও তিনি যথাযথ ব্যবস্থা নেননি বলে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের পাওনা আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মোহনা টেলিভিশন আর্থিক সংকটে পড়েছে। এমনকি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং মার্কেটিং বিভাগের কার্যক্রম গতিশীল করার স্বার্থে তাঁকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
অব্যাহতির পর অফিসে অনুপস্থিত, পদত্যাগের গুঞ্জন
এদিকে মোহনা টেলিভিশনের সদ্য সাবেক সিইও মো. তসলিম চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির একাধিক সূত্র জানিয়েছে, অব্যাহতিসংক্রান্ত আদেশ জারির পর থেকে তিনি আর অফিসে উপস্থিত হননি। তিনি হেড অব মার্কেটিং পদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে প্রায় ২৫ কোটি টাকার বকেয়া হিসাব ও আদায়ের বিষয়ে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। হেড অব মার্কেটিং পদে তাঁর দায়িত্ব অব্যাহত থাকলে বিজ্ঞাপনী বিলের হিসাব, বকেয়া আদায় এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে তাঁকে জবাবদিহির আওতায় আনা হতে পারে বলে মনে করছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিরপেক্ষ তদন্তের দাবি
এ ঘটনায় গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। তাঁদের মতে, গণমাধ্যমের দায়িত্ব সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরা। সেই গণমাধ্যম প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের অর্থ বকেয়া, আর্থিক অনিয়ম ও পদমর্যাদার অপব্যবহারের অভিযোগ উঠলে তা যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।
অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রতিষ্ঠানের আর্থিক নথিপত্র, বিজ্ঞাপনী লেনদেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং দীর্ঘদিনের বকেয়া বিলের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বকেয়া এবং নিজস্ব বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তসলিম চৌধুরীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।













