কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাত তিনটার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ ও ৩৮ জন জেলেকে আটক করা হয়।
আটক জেলে ও জব্দ করা বোট, জাল এবং মাছের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













