১৪ নভেম্বর ২০২৬

ইনানীর গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নির্বাপণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে শনিবার বিকেলেই আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় গ্যাস উদগিরণের স্থান এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।

বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘গ্যাসকূপের আগুন বন্ধ করাই এখন আমাদের প্রধান কাজ। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে কবে নাগাদ আগুন নেভানো সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি মাত্র। প্রয়োজনে আরও আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে আসা হবে।’

গ্যাস উত্তোলনের জন্য সেখানে নতুন করে খনন করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আগুন নিরাপদে নির্বাপণ বা নিয়ন্ত্রণ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ দল অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার ছোটখাল সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলাকালে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৯ দিন ধরে জ্বলছে আগুন।

ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন