১৪ নভেম্বর ২০২৬

ভাইরাল অ্যাডভোকেট কামাল রাতে আটক, বিকেলে জামিনে মুক্ত

নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। পরে ৮৮ ধারায় আদালতে সোপর্দ করা হলে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পরে থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বড় অপরাধের প্রমাণ না পাওয়ায় ৮৮ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে উভয় পক্ষের বক্তব্য শুনে সার্বিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন বিচারক।

জামিনে মুক্তির পর অ্যাডভোকেট কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “রাতে কয়েকজন যুবক মব সৃষ্টি করে আমাকে পুলিশে ধরিয়ে দেন। আমি তাদের চিনতে পারিনি, কারণ সবার মুখে মাস্ক পরা ছিল।”

এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীর্থংকর দাশ বলেন, “জনগণের হাতে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাকে জামিন দিয়েছেন।”

উল্লেখ্য, এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন