চট্টগ্রামের রাউজানে প্রবাসী ইলিয়াস আলীর বাড়িতে সশস্ত্র হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সারোয়ার আলমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
গত ৯ নভেম্বর উপজেলার উরকিরচর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ইলিয়াস আলীর স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আপস-মীমাংসার কথা বলে সারোয়ার আলম ২০ থেকে ২৫ জন সশস্ত্র লোক নিয়ে ইলিয়াস আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের ছুরিকাঘাতে ইলিয়াস আলী, তাঁর ভাই রুহুল আমিন, স্ত্রী শাহানাজ বেগম ও ছেলের স্ত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাবুল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি সারোয়ার আলমসহ অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হননি।
বাদী ও তাঁর পরিবারের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ছাড়া সারোয়ার আলমের সংযুক্ত আরব আমিরাতের ভিসা থাকায় তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা। দ্রুত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রবাসী ইলিয়াস আলীর বাড়িতে হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।













