চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে ও বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৭৫ ও ৭৮ বছর বয়সী দুই ব্যক্তি।
নিহতরা হলেন আবুল কালাম (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে বিয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রিজিয়া বেগম।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।













