৮ নভেম্বর ২০২৬

পালংখালী ইউপি প্রশাসক পদে আলোচনায় বিএনপি নেতা নুরুল আমিন

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন। দলীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রশাসক পদে নিয়োগের দৌড়ে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন নুরুল আমিন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা হয়। এসব মামলায় তাঁকে দীর্ঘদিন কারাভোগও করতে হয়েছে। বর্তমানে তিনি পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং প্রতিকূল সময়ে দলের পাশে থাকার বিষয়গুলো তাঁকে প্রশাসক পদের আলোচনায় এগিয়ে রেখেছে। স্থানীয় পর্যায়েও তাঁকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে নুরুল আমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি। রাজনৈতিক কারণে মামলা-হামলা ও কারাভোগের শিকার হয়েছি। দল ও এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে দল এবং সরকার যে সিদ্ধান্ত নেবে, তা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব। দায়িত্ব পেলে পালংখালী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তবে পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ