চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আড়াকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির আহমদ মিয়ার ছেলে ইলিয়াস (৬৫), তাঁর ছেলে এমরান (৩৮), এসকান্দরের ছেলে নেছারুল আলম (৫০), ইলিয়াসের স্ত্রী ছেমনারা বেগম (৬০), পটিয়ার চরকানাই এলাকার কাসেম মাস্টারের বাড়ির খায়ের আহমদের ছেলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২) এবং পশ্চিম গোমদণ্ডীর গোয়াজ তালুকদারের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে জেবল হোসেন (৭৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













