ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরে চট্টগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। এ উপলক্ষে হাসপাতালটির উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতালের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরে দুপুর সাড়ে ১টায় হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে ‘Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। রোগের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ, পার্কভিউ হসপিটালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।
বক্তারা বলেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা হলেও সময়মতো শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতার ঝুঁকিও অনেকাংশে কমানো যায়।
সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগী উভয়ের সচেতনতা জরুরি। চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরা, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ISO 15189 অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছে প্রতিষ্ঠানটি।













