১৫ নভেম্বর ২০২৬

আনন্দঘন পরিবেশে প্রত্যাশা কোচিং সেন্টারের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রত্যাশা কোচিং সেন্টারের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্লাস পার্টি-২০২৬।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় উত্তর কাট্টলীর ঈশান মহাজন সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

প্রত্যাশা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রভাষক, প্রাবন্ধিক ও সংগঠক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সাইফুদ্দিন আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক উত্তম দাশ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. কিশোর আচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক জুয়েল শীল।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দিন আহমদ সাকী বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে হবে। জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে নিয়মিত পরিশ্রম করতে হবে।

বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে সাংবাদিক জুয়েল শীল বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চা করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়ক।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নাচ ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা উপভোগ করেন অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা। হাসি, আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ