চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পরে আশেপাশের এলাকা থেকে ধাওয়া দিয়ে পুলিশ ২০ জনকে আটক করে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের দিক থেকে একটি মিছিল বের হয়; এতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাব পেরিয়ে শাহ আমানত মার্কেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নামে স্লোগান দেন। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
মিছিলটি রাইফেল ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মীও মিছিলটিকে ধাওয়া করে বলে দাবি করেন স্থানীয়রা। পরে পুলিশ অভিযান চালিয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ২০ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলাম।’













