২৩ অক্টোবর ২০২৬

বাঁশখালী উপকূলে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে প্রথমে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাছ আহরণের সঙ্গে জড়িত ৩৭ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানায়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, নিষিদ্ধ জাল ব্যবহার এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন