২৩ অক্টোবর ২০২৬

বায়েজিদে রাজু হত্যা: কক্সবাজার সৈকত থেকে মূল শুটার গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও হামলায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে রৌফাবাদ শহীদ মিনার সংলগ্ন বাঁশবাড়িয়া গলিতে আব্দুল হাইয়ের বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মো. হাসান ওরফে রাজু (২৪)। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী রেশমি আক্তার। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থানার ওসি মো. আব্দুল করিমের নেতৃত্বে একাধিক টিম অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত সৈয়দুল করিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যে বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে অভিযান চালিয়ে সিএনজি চালক আব্দুল মান্নানকে ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে ইউনুচ মিয়া ও আয়াতুল্লাহ আলী আদনান নামে আরও দুই সহযোগীকে আটক করে পুলিশ।

অন্যদিকে, সিএনজি চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁন্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

আরও পড়ুন