কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাঁদের জামিনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান বলেন, ‘যে আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়েছে।’
এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছয় বিদেশি নাগরিকের জামিন আদেশের কপি কারাগারে পৌঁছেছে। আদেশের কপি পাওয়ার পর আইনি বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে জামিনের আদেশ হলেও কারাগার থেকে তাঁদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে।













