হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর), সকালে, গোপন সংবাদের ভিত্তিতে, বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা।
এ সময় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের ‘এফজেড-৫০১’ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়। শরীরে লুকিয়ে কোনো অবৈধ বস্তু পাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে তাকে স্ক্যান করা হলে একপর্যায়ে নিজের কাছে স্বর্ণের বার লুকানো থাকার কথা স্বীকার করেন তিনি।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।
সবার সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলো স্বর্ণের বার। উদ্ধার করা ১৮টি বারের প্রতিটির ওজন ১১৭ গ্রাম।













