চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হওয়ার পর পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছালে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির দেহ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরনে লুঙ্গি ও নীল রঙের গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর ট্রেনটি বিকেল ৪টা ৩৮ মিনিটে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে নির্ধারিত গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














