চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের নারী-শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা মরহুম এজাহার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন— আনু মিয়া সওদাগরের ছেলে মো.সেলিম (৪০), তার স্ত্রী বুলু আক্তার (৩৫), আবুল কাশেম বাঁশির ছেলে নাছির উদ্দিন (৫৭), তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৩৮) ও মেয়ে ফাতেমা তুজ জোহরা (৭)।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিম জাহান শোভা। তিনি বলেন, ‘আহতদের মধ্যে মো. নাছির ও মো. সেলিমের মাথায় সেলাই করা হয়েছে।’
জানা গেছে, এলাকার সিএনজি চালক মো.সেলিমের ১১ বছর বয়সী ছেলে সাইকেল চালানোর সময় স্থানীয় দর্জি দোকানদার নাছিরের ৯ বছর বয়সী ছেলের গায়ে ধাক্কা লাগে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন তারা। এতে নারী-শিশুসহ ৫জন আহত হন।
মো. সেলিম বলেন, ছেলের দোষ থাকলে অভিভাবককে বলবে। প্রতিবেশি নাছির তা না করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে সে ও তার পরিবারের লোকজন কিরিচ দিয়ে হামলা চালিয়েছে। তবে নাছিরের দাবি সেলিম লোকজন নিয়ে দোকানে হামলা চালিয়ে এঘটনা ঘটিয়েছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।












