২১ অক্টোবর ২০২৬

বোয়ালখালীর হাক্কানী পেপার মিলে ভয়াবহ আগুন

চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকায় কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানাটির অ্যাডমিন ম্যানেজার মো. আশরাফুল মাওলা জানান, শ্রমিকরা প্রথমে কারখানার পশ্চিম কোণায় ওয়েস্ট পেপারের গোডাউনে ধোঁয়া দেখতে পান। পরে শ্রমিকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং বিষয়টি বোয়ালখালী ফায়ার সার্ভিসকে জানান।

খবর পেয়ে বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আলক চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটুকু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ওয়েস্ট পেপার বা কাগজের মণ্ড তৈরির কাঁচামাল নষ্ট হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ