আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বোয়ালখালী উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।
মতবিনিময়কালে বদরুচ মেহের বলেন, জীবনের শেষ সময়টুকু দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান তিনি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন এবং নিরপেক্ষ ভূমিকা পালনের পাশাপাশি সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বদরুচ মেহের। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাহমুদুল হক মেম্বার, ইকবাল হোসাইন, মো. ইউছুপ, ফায়াজ মেহের, গিয়াস উদ্দিন, জানে আলম ও জানে আলম (জানু) প্রমুখ।














