দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম। রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের নিশ্চিত করেন মহুয়ার বোন।
জানা গেছে, মহুয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। তবে তার পরিবার ঢাকার সাভার উপজেলায় বসবাস করত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন মহুয়া। দীর্ঘদিন ধরে লিউকেমিয়ার চিকিৎসা চলছিল তার। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার সহপাঠী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক জানান, গত ১৪ আগস্ট মহুয়া তাকে ভয়েস মেসেজে জরুরি ভিত্তিতে O+ রক্তের প্রয়োজনের কথা জানিয়েছিলেন।
মহুয়া তখন বলেছিলেন, তার প্লাটিলেটের মাত্রা অনেক কমে গেছে এবং প্লাটিলেট দেওয়ার প্রয়োজন। এরপর রক্তের ব্যবস্থা করতে কয়েকজনকে নেওয়া হলেও তাদের কারও সঙ্গে রক্তের গ্রুপ মেলেনি। পরে একজনের সঙ্গে মিল পাওয়া গেলে ওই রাতেই মহুয়াকে প্লাটিলেট দেওয়া হয়।
ইসরাফিল হোসেন মানিক আরও জানান, লিউকেমিয়ার চিকিৎসা চলার মধ্যে কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিলেন মহুয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল।
তবে সেই সুযোগ আর হলো না। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগেই মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। মহুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












