৪ মে ২০২৬

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাইক চালকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে দুর্বৃত্তের ছুরিতে আহত এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা তার মোটর সাইকেলটিও নিয়ে গেছে।

নিহতের নাম মিলন (৩৫)। তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ে মোটর সাইকেল চালাতেন বলে পুলিশ জানিয়েছে। 

দুই সন্তানের জনক মিলন পরিবার নিয়ে মিরপুর ১ নম্বরের গুদারাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বাড়ি ভোলা জেলায়।

রোববার রাত আড়াইটার দিকে মালিবাগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে মিলনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। 

পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

পাঠাওসহ আরও দুটি রাইড শেয়ারিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে শাজাহানপুর থানার ওসি মো. শহীদুল হক বলেন, সেসব কোম্পানিতে তার রেজিস্ট্রেশন ছিলনা। তবে ২০১৭ সালে প্রাইভেট কারের রেজিস্ট্রেশন ছিল মিলনের।

মিলনের এক বন্ধুর বরাত দিয়ে ওসি বলেন, একশ টাকায় যাত্রী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আক্রান্ত হন মিলন। ফ্লাইওভারের ওপর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করে মিলন নিচে নেমে আসেন। কবির নামের এক যুবক তাকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে আসে।

ফ্লাইওভার থেকে ওঠানামার জন্য মালিবাগে সিঁড়ি আছে। মিলনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানান ওসি শহীদ।

মিলনের মোটরসাইকেল উদ্ধারের এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন