খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রমের অভিযোগে এক পল্লী চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কালাডেবা বাজারে অবস্থিত ‘সাকিব মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর বৈধ সনদ ছাড়াই নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি তার প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রেও ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, এই ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রম সেবাগ্রহীতাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং জীবনহানির সম্ভাবনাও বাড়ায়। বিষয়টি বিবেচনায় এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, বৈধ নিবন্ধন ছাড়া কেউ ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার করে চিকিৎসা দিতে পারেন না। তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ধারা ২৮(৩) উল্লেখ করে জানান, অভিযোগটি তাৎক্ষণিকভাবে প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












