একটি গান কখন, কোথায় এবং কীভাবে নতুন অর্থ খুঁজে পায়— তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে গানটির ব্যবহার দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ভিডিওটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন তাৎপর্যপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। আর সেই ভিডিওর আবহসঙ্গীত হিসেবে বেজে ওঠে হাবিবের বহুল শ্রোতাপ্রিয় গান ‘মহাজাদু’, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হাবিব ওয়াহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। কৌতূহলবশত ভিডিওটি চালিয়ে নিজের কণ্ঠের গান শুনে তিনি সত্যিই চমকে যান।
হাবিবের ভাষায়, ‘এটি আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে—এটি নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।’
তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি ভিডিওতে নিজের গান স্থান পাওয়াকে তিনি বিশেষ সম্মান হিসেবে দেখছেন। একজন শিল্পীর জন্য এটি অনুপ্রেরণারও উৎস।
তবে গানটি ব্যবহারের বিষয়ে আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানান তিনি। ‘কেউ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। ভিডিওটি দেখে আমিও অবাক হয়েছি’, বলেন হাবিব।
কেন ‘মহাজাদু’ গানটিই বেছে নেওয়া হলো, সে বিষয়ে নিশ্চিত নন এই শিল্পী। তবে তার ধারণা, সংশ্লিষ্টদের কাছে গানটির আবেগ ও সুর ভালো লেগেছে বলেই এটি ভিডিওর অংশ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব নিজে খুব বেশি সোশ্যাল মিডিয়ামুখী নন। তাই সরাসরি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া দেখার সুযোগ হয়নি তার। তবে ঘনিষ্ঠজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
হাবিব আরও বলেন, তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কখনও পরিচয় বা সাক্ষাৎ হয়নি। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি বিস্ময়কর ও আনন্দদায়ক মনে হয়েছে।
এদিকে নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। নতুন সৃষ্টির ব্যস্ততার মাঝেও ‘মহাজাদু’-কে ঘিরে এই অপ্রত্যাশিত ঘটনা তার শিল্পীজীবনের স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে বলেই মনে করছেন তিনি।














