চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবন ও অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ছয়জনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. আবদুল কাদের (৪২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো. আজিজ (২০), মো. ছাবের আহমেদ (৩৪) ও মো. আলাউদ্দিন (৪৫)।
এর মধ্যে আবদুল কাদের, মো. আজিজ ও মো. ছাবের আহমেদকে তিন মাস করে এবং বাকি তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় আরও সাতজনকে আটক করা হয়। তারা হলেন— মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদ (৪২)।
ভ্রাম্যমাণ আদালত দিদারুল আলমকে ছয় মাস, আজগর হোসেনকে তিন মাস এবং অন্যদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। তিনি বলেন, ‘উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’














