২২ সেপ্টেম্বর ২০২৬

মাধুরী বললেন, ‘কেউই নিখুঁত নয়’

মানুষ হিসেবে কেউই নিখুঁত নয়, আর নিখুঁত হওয়ার চেষ্টার চেয়ে নিজের সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ— এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নতুন সিনেমা ‘মা বেহেন’– এর প্রচারণায় এসে নিজের ভাবনা ও চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সিনেমাটির নাম নিয়েও শুরুতে বিস্মিত ছিলেন মাধুরী। তিনি জানান, পরিচালক সুরেশ ত্রিবেণী প্রথম যখন ছবির গল্প নিয়ে তার কাছে আসেন এবং নাম হিসেবে ‘মা বেহেন’ বলেন, তখন তিনি ভেবেছিলেন এটি হয়তো মজা করে বলা হয়েছে। পরে গল্প শোনার পর শিরোনামটিকে যথার্থ মনে হয়েছে তার।

মাধুরীর ভাষায়, সমাজ সাধারণত সিঙ্গেল মাদারদের কঠোরভাবে বিচার করে। অথচ মা হওয়া মানেই নিখুঁত হওয়া নয়। এই সিনেমা মানুষের অপূর্ণতা ও বাস্তবতাকেই তুলে ধরেছে।

বাস্তব জীবনে তিনি নিজেকে কতটা নিখুঁত মনে করেন— এমন প্রশ্নের জবাবে মাধুরী বলেন, ‘অনেক বিষয়েই আমি অপূর্ণ। আসলে কেউই নিখুঁত নয়। আমরা শুধু চেষ্টা করতে পারি আমাদের সেরাটা দেওয়ার। আমি সবসময় সেটাই করার চেষ্টা করেছি, সেটা অভিনয় হোক কিংবা নাচ।’

‘মা বেহেন’ সিনেমায় মাধুরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তবে এ বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেনি বলে জানান তিনি। বরং ছবিটিতে নারীদের বাস্তব ও মানবিকভাবে উপস্থাপন করা হয়েছে বলেই এটি তার কাছে বিশেষ মনে হয়েছে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রেখা নামের এক সিঙ্গেল মাদার এবং তার দুই মেয়েকে ঘিরে। মাধুরী বলেন, ‘রেখা প্রচলিত অর্থে আদর্শ মা নন। তার পরিবারও কিছুটা অগোছালো। তবে মেয়েদের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

হিন্দি সিনেমার প্রিয় মা চরিত্র প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ‘মাদার ইন্ডিয়া’র নার্গিস, ‘দিওয়ার’র নিরূপা রায় এবং ‘করণ অর্জুন’-এ রাখী গুলজারের অভিনয়ের কথা।

বর্তমানে বড় পর্দার চেয়ে ওটিটি প্ল্যাটফর্মে বেশি সক্রিয় মাধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ওটিটিতে কাজ করার অন্যতম সুবিধা হলো বক্স অফিসের চাপ না থাকা। ফলে নির্মাতা ও শিল্পীরা গল্প ও চরিত্রের ওপর বেশি মনোযোগ দিতে পারেন।

তিনি আরও জানান, ‘মা বেহেন’ সিনেমার শুটিংয়ের আগে সহশিল্পী তৃপ্তি দিমরি ও ধর্না দুর্গার সঙ্গে দীর্ঘ সময় ধরে মহড়া ও ওয়ার্কশপ করেছেন, যা পর্দার সম্পর্কগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

আলাপের শেষদিকে মাধুরী জানান, তার দুই ছেলে নিয়মিত তার কাজ নিয়ে মতামত দেয়। যদিও তারা এখনো ‘মা বেহেন’ দেখেনি, তবে দেখার পর নিশ্চয়ই প্রতিক্রিয়া জানাবে।

এদিকে, অনিল কাপুরের সঙ্গে আবারও জুটি বাঁধার সম্ভাবনা নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। মাধুরীর কথায়, ‘পরিচালক যদি আমাদের দুজনকে নিয়ে নতুন ও ভিন্নধর্মী কোনো গল্প ভাবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে।’

আরও পড়ুন