৩ অক্টোবর ২০২৬

মাধ্যরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, তারপর যা ঘটল

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে ভয়াবহ ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মাতাল অবস্থায় মাঝরাতে তার কক্ষের দরজায় গিয়ে কড়া নাড়েন ওই পরিচালক।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপকালে অতীতের সেই ঘটনার কথা প্রকাশ করেন স্বরা। অভিনেত্রী জানান, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পরপরই ঘটনাটি ঘটে। তখন তিনি বিশের কোঠায়। একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার কথা ছিল তার।

স্বরা বলেন, ওই ছবির পরিচালক প্রথমে তাকে বলেছিলেন, পরিচালকদের তাদের অভিনয়শিল্পীদের ভালোবাসতে হয়। এরপর তার সৌন্দর্য নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন পরিচালক।

পরে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। পরিচালক স্বরাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার প্রস্তাব দেন। মহড়ায় কারা উপস্থিত থাকবেন জানতে চাইলে পরিচালক জানান, সেখানে শুধু তারা দুজন থাকবেন। এতে আপত্তি জানান স্বরা। তার মতে, মহড়ার সময় সহ-অভিনেতা ও ক্যামেরা বিভাগের সদস্যদেরও উপস্থিত থাকা উচিত।

অভিনেত্রী আরও জানান, তারা যে অতিথিশালায় ছিলেন সেখানে একমাত্র নারী ছিলেন তিনি। পরে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান তিনি।

তবে এরপরও ঘটনা থামেনি। স্বরার ভাষ্য অনুযায়ী, রাতে মদ্যপ অবস্থায় পরিচালক তার কক্ষের দরজায় ক্রমাগত ধাক্কা দিতে থাকেন। এমনকি দরজা ভেঙে ফেলতে পারেন বলেও ভয় পেয়েছিলেন তিনি।

একপর্যায়ে দরজা খুললে টলতে টলতে দাঁড়িয়ে থাকা পরিচালক তাকে জড়িয়ে ধরতে চান। স্বরা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। কিন্তু পরিচালক বারবার একই আবদার করতে থাকেন।

স্বরা জানান, তিনি পরিচালককে স্পষ্ট করে বলেছিলেন যে তার আচরণে তিনি ভয় পাচ্ছেন। কিন্তু ছবির পরিচালক হওয়ায় সেই পরিস্থিতিতে তার করার মতো তেমন কিছু ছিল না।

তবে এত বছর পর ঘটনাটি সামনে আনলেও ওই পরিচালকের নাম বা ছবির পরিচয় প্রকাশ করেননি স্বরা।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্বরার। পরে ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝানা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।

আরও পড়ুন