চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৮)। তিনি মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় ধসে অন্তত ১৫ ফুট নিচে ইট-কংক্রিটের চাপায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করলে ততক্ষণে তিনি মারা যান। অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালাই দেওয়া হয় গত বৃহস্পতিবার সকালে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধসে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে ওঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বের হয়ে দেখি, নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা একজন সেখানে চাপা পড়ে আছেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
তিনি আরও বলেন, তোরণটি ঢালাই দেওয়া হয় গত বৃহস্পতিবার। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।













