২২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে পাহাড়চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত ও উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন