২৬ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে বিস্কুট কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত কারখানাটির গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সকালে কারখানার এক পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পাহারাদারের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ