চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই বাজারের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক। অপরাধের মাত্রা বিবেচনায় হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূঁইয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ওষুধ সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়ম বরদাশত করা হবে না। তিনি ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।
অভিযানে মিরসরাই থানা পুলিশের সদস্য ও জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।














