চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হালিমা বেগম (৬০) নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের মিয়নের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাজার থেকে একসঙ্গে বাড়ি ফিরছিলেন কোহিনুর আক্তার ও হালিমা বেগম। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














