চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসদরে দিনদুপুরে এক স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামিদা সুলতানা খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে ঘরের তালা ভাঙা দেখতে পায়। ঘরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, ‘অনেক কষ্টে অল্প অল্প করে স্বর্ণালংকার কিনেছি। আমার সব স্বর্ণালংকার এভাবে চুরি হয়ে যাবে, কখনো ভাবিনি।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।














