চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৭৩তম পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদে জোহর দরবার শরীফে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বলেন, ‘মিলাদে মোস্তফার চিরন্তন চেতনা হযরত গাউছুল আজম (রা.)-এর তরিক্বত।’
তিনি বলেন, মহান আল্লাহপাক ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন তাদের স্মরণ করিয়ে দিতে যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব নাজিল করেছেন। আইয়্যামে জাহেলিয়াতের ভয়াবহ সময়ে নবীদের নবী, খোদার হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) পৃথিবীতে আগমন করে মানবজাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য, চারিত্রিক কোমলতা, সবর-শোকর, তাকওয়া-তাওয়াক্কুল, তাহারাত ও তওবার আলোকে জীবনযাপনের শিক্ষা দিয়েছেন।
তিনি আরও বলেন, নবীজি (দ.)-এর পর মহান এ দায়িত্ব তাঁর ওয়ারিশ তথা অলি-আল্লাহগণ পালন করে আসছেন। কালের পরিক্রমায় এমন এক মহান ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে, যিনি মকামে গাউছিয়্যতে আসীন হয়ে খলিফায়ে রাসূল (দ.)-এর মর্যাদা পেয়েছেন।
মোর্শেদে আজম বলেন, মানবজাতির ক্রান্তিকালে হযরত গাউছুল আজম (রা.)-এর পক্ষ থেকে ‘হে যুবক নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.)-এর উপর দরূদ পড় এবং মাতৃভূমি শান্ত কর’— এ মহান আহ্বান এসেছে। এ আহ্বানে সাড়া দিয়ে অগণিত যুবক নামাজ, দরূদ শরীফ, মোরাকাবা, তাহাজ্জুদ, ফয়েজে কোরআন ও জিকিরে জলির মাধ্যমে আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত রয়েছেন।
তিনি বলেন, যে যুগে হালাল ও হারামের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে, সে যুগে যুবকদের মধ্যে ইবাদতের এমন আগ্রহ নিঃসন্দেহে হযরত গাউছুল আজমের দৃশ্যমান দস্তগীরি এবং মহান আল্লাহপাকের অনুগ্রহ।
ঈদে মিলাদুন্নবী (দ.)-এর আদর্শে উজ্জীবিত হযরত গাউছুল আজমের তরিক্বত একজন মানুষকে শুধু রবিউল আউয়াল মাসে নয়, বরং সারা বছর ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নবীজির সুন্নাহ অনুসরণের শিক্ষা দেয় বলেও মন্তব্য করেন তিনি।
মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।
এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. জালাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
পরে মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রহ.)-এর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।














