২১ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে রশি বেঁধে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা; ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় আব্দুল হান্নান (৪৪) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে আটক করে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার ৩ নম্বর সন্তোষপুর ইউনিয়নের গোয়াচহাজীর বাড়ি এলাকার বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরটিকে নির্যাতন করে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্তে নামে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছে। প্রাণীটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও অভিযুক্ত তাকে দীর্ঘ সময় পানির নিচে চেপে ধরে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি কুকুরটিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। একপর্যায়ে কুকুরটির মৃত্যু হলে সেটিকে পানি থেকে তুলে আনা হয়।

স্থানীয় গণমাধ্যমকর্মী আলী হোসাইন জানান, ঘটনাটি সন্তোষপুর ইউনিয়নে ঘটেছে। উপস্থিত লোকজন বাধা দিলেও আব্দুল হান্নান তা অগ্রাহ্য করে কুকুরটিকে নৃশংসভাবে হত্যা করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়।

এদিকে, কুকুরটিকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। নেটিজেনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর প্রশাসনের দ্রুত পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ