২২ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে যুবদল নেতা হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আসামির মো. রায়হান (২৪) রাউজান উপজেলার পেয়াদা পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। র‌্যাব জানিয়েছে, তিনি হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি এবং রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তেও প্রাপ্ত আসামি।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন যুবদল নেতা মাসুদ। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সিএনজিযোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর মাসুদের মরদেহ পড়ে থাকা অবস্থায় আসামি রায়হান তার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গত ১৬ জুন দায়ের করা হয়।

র‌্যাব জানায়, আসামিদের গ্রেপ্তারে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়হান রাউজান এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন রাত ১০টা ৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি দল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন