চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় রাজনৈতিক ও মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি এবং সরফভাটা ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সরফভাটা গোডাউন ব্রিজ সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিকদার পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদের নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় মহিউদ্দিনকে আটক করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও মাদক কারবারসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।













