চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি উপজেলার শিলক ও বনগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পরিচালনা কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ বিতরণে অংশ নেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, ‘একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু চিকিৎসাসেবা দেওয়াতেই সীমাবদ্ধ নয়। যেকোনো দুর্যোগ, দুর্দশা ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য এই সহায়তার আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই পার্কভিউ হসপিটাল চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হসপিটাল লিমিটেড নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, জনসচেতনতামূলক কর্মসূচি, ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে।













