চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহেদ হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোসাই পাড়ার দক্ষিণ পাশের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওস্তা পাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ২০২৪ সালে পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শান্তির হাটের দিকে যাচ্ছিলেন শাহেদ। পথে রোসাই পাড়ার দক্ষিণ পাশের মোড়ে পৌঁছালে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বলে জানা গেলেও প্রকৃতপক্ষে এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহেদ সড়কে পড়ে যান। পরে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।













