১৩ অক্টোবর ২০২৬

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য মিছিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করেন।

বক্তারা বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে অবিচল ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তিনি নেতা-কর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, ‘রিজভী আহমদ শুধু একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। এক-এগারোর রাজনৈতিক সংকট থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কার্যালয় ও নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁর ত্যাগ, সাহস, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘রিজভী আহমদের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর যোগ্য ও দৃঢ় নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হবে।’

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ