বাংলাধারা প্রতিবেদক »
নগরীর লালখান বাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. সোহেল (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে খুলশী থানার লালখান বাজার সংলগ্ন মমতা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত সোহেল স্থানীয় ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের অনুসারী ও নগর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এলাকাবাসী। অন্যদিকে আটক আল আমিন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল আলম মাসুমের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ওই ক্লিনিকে চিকিৎসাধীন তার বন্ধুর অসুস্থ বোনকে দেখতে যান। ক্লিনিক থেকে বের হয়ে বাসায় ফেরার পথে আল আমিনের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় সোহেলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এখন চিকিৎসাধীন তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘বিকেলে লালখান বাজার এলাকায় মাসুম গ্রুপ ও বেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুম গ্রুপের ছেলেরা বাইট্ট্যা সোহেলকে মারধর করে। এ সময় সোহেল ছুরিকাঘাতে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আল আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’













